চট্টগ্রামে বিএনপি নেতা আব্দুল্লাহ আল হাসানের মৃত্যু
সিটি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও রাউজান পৌরসভার সাবেক মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান আজ মৃত্যু বরণ করেছেণ (ইন্না লিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
৭ ডিসেম্বর রোববার দিনগত রাত তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, গত রোববার দিনগত রাতে নগরীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল হাসান। এসময় তাকে দ্রুত মেট্রোপলিটন হাসাপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শেষবারের মতো আজ বিকেল তিনটায় বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আনা হয় আবদুল্লাহ আল হাসানকে। সেখান থেকে নেওয়া হয় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে। বাদ আছর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর রাউজান উপজেলার গহিরা গ্রামে নেওয়া হয়। বাদ এশা নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এদিকে বিএনপির নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মতো একজন ত্যাগী নেতা চলে যাওয়ায় বিএনপি নেতা-কর্মীরা শোকাহত।
