বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজ :: বোয়ালখালীতে গত এক মাসে এক দোকানে দুই বার চুরির ঘটনা ঘটেছে। এতে মালামাল হারিয়ে নি:স্ব হয়ে পড়ছে ব্যবসায়ীরা। গত একমাসে উপজেলার বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এর বেশির ভাগই হচ্ছে মুদির দোকান।
জানা গেছে, ২২ জানুয়ারি সোমবার রাতে উপজেলার কধুরখীল মিলন মন্দির এলাকার মাধব স্টোরের তালা ভেঙ্গে চোরের দল প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এর আগে গত ১২ ডিসেম্বর ওই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় চোরের দল লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গিয়েছিল বলে জানান মুদি ব্যবসায়ী কেশব দাশ।
তিনি জানান, চোরের দল মালামালের সাথে তার ও পরিবারের জাতীয় পরিচয় পত্রও নিয়ে যায়। এ ব্যাপারে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করতে গেলে গড়িমসি শুরু করে। পরে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে মর্মে একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু বলেন, এক মাসের মধ্য দুইবার চুরির ঘটনায় মুদি ব্যবসায়ী কেশব পথে বসার উপক্রম হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি।
এছ্ড়াা ১৯ জানুয়ারি শুক্রবার উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মো. জসিমের পোস্ট-ই-সেন্টারে চুরির ঘটনায় ল্যাপটপ, স্ক্যানার, মোবাইলসহ মুল্যবান সামগ্রী নিয়ে যায়।
১৩ জানুয়ারি শনিবার আকুবদন্ডী চাঁনপাড়া মানিক সওদাগরের মুদির দোকানের তালা ভেঙ্গে প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ৭ জানুয়ারি পোপাদিয়ার আকলিয়া খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে হাজি আসলাম ডিপার্টমেন্টাল স্টোরে চুরির ঘটনায় নগদ টাকাসহ ৬০হাজার টাকার মালামাল নিয়ে যায়।
৬ জানুয়ারী কধুরখীল উচ্চ বিদ্যালয় সংলগ্ন রণি স্টোর, মোদাচ্ছেরের চায়ের দোকান ও লিটনের জে.বি টেলিকমে চুরির ঘটনা ঘটে। এতে ৩ দোকানের প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা বলেন, এসব ছিচঁকে চুরির ঘটনা রোধে পুলিশী তৎপর রয়েছে।
