বাংলাদেশের দ্রুততম ৫০ উইকেট শিকারি মুস্তাফিজুর

0

খেলাধুলা, সিটি নিউজ :: উপুল থারাঙ্গাকে আউট করে বাংলাদেশের দ্রুততম ৫০ উইকেট শিকারি হয়েছেন মুস্তাফিজুর রহমান। একমাত্র হাফসেঞ্চুরিয়ান এই ব্যাটসম্যানকে মুস্তাফিজ ফেরত পাঠানোর পরই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে আঘাত হানেন আরেক পেসার রুবেল হোসেন।

চতুর্থ উইকেট পতনের পর ইনিংসে ৫ রান যোগ হতেই থিসারা পেরেরাকে (২) সাজঘরের পথ ধরান রুবেল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৭০ রান।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারে দানুস্কা গুলনাতিলকার উইকেট তুলে ওপেনিং জুটি ভেঙেছিলেন মিরাজ। সেই মিরাজের পরবর্তী ওভারেই ২৪ রান করেছিলেন কুশল মেন্ডিস।

ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ৪২ রানে অগ্নিশর্মা হয়ে ওঠা কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠান অধিনায়ক মাশরাফি। মাত্র ৯ বলে দুটি চার ও তিনটি ছক্কার মারে ২৮ রান করেন তিনি। 

৪২ রানের মধ্যে প্রথম দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল লঙ্কানরা। সেখান থেকে উপুল থারাঙ্গা ও নিরোসান দিকবেলার তৃতীয় উইকেট জুটি লঙ্কানদের পথ দেখায়। তৃতীয় উইকেটে এই দুজন ৭২ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন। তবে সাইফ ২৪তম ওভারের পঞ্চম বলে নিরোসান দিকবেলার উইকেটটি তুলে নেন। আউট হওয়ার আগে ৫৭ বলে চারটি চারের মারে ৪২ রান করেন দিকবেলা।

দলীয় ১১৩ রানে দিকবেলা আউট হওয়ার পর চতুর্থ উইকেটে থারাঙ্গা-চান্দিমাল জুটি বেঁধেছিলেন। ৪৫ রানেই থামে সেই জুটিও। ৫৬ রান করা উপুল থারাঙ্গাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজ। সবশেষ রুবেলের শিকার হলেন থিসারা পেরেরা।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। যেখানে তিনটি দলের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজকের এই ফাইনাল ম্যাচে জিততে পারলে এটিই হবে বাংলাদেশের কোনো বহুজাতিক টুর্নামেন্টে প্রথম শিরোপা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.