আন্তর্জাতিক ডেস্ক, সিটি নিউজঃ মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে স্টেট কাউন্সিলর অং সান সু চির বাড়িতে পেট্রলবোমা হামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে সু চির বাড়িতে এ হামলা হয়। সুচি তখন বাড়ীতে ছিলেন না। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি। সুচির দপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন । সু চির মুখপাত্র জ হতয়ে এই হামলার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যখন বোমা হামলা চালানো হয়েছে তখন তিনি বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি নেইপিদোতে অবস্থান করছেন।
এদিকে সু চির দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি নিক্ষেপের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বোমা নিক্ষেপের সঙ্গে কারা জড়িত সেটি নিশ্চিত করতে পারেননি তারা।
রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা শুরু হওয়ার পর নীরবতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েন সু চি।
যদিও রোহিঙ্গাদের ইচ্ছাকৃত টার্গেট করে হত্যার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে সু চির সরকার।
মিয়ানমারের জান্তা সরকার ইয়াঙ্গুনের এই বাড়িতেই সু চিকে ১৫ বছর গৃহবন্দি করে রেখেছিলেন। ২০১০ সালে সু চিকে মুক্তি দেয়া হয়। খবর এএফপি, সিএনএনের।
