সিটি নিউজ ডেস্কঃঃ জাতীয় পার্টি ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকেই সমর্থন করার সিদ্ধান্ত নেয়া হয়।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারী) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে দলের প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে এই প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়।
এই মহাসমাবেশ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অমর একুশের গ্রন্থমেলা অনুষ্ঠানের জন্য প্রস্তাবিত সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে।
জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাসমাবেশের নতুন তারিখ নির্ধারণ ছাড়াও আজকের প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি পদে অ্যাডভোকেট আবদুল হামিদের নাম প্রস্তাব করবেন।
সভায় আরো সিদ্ধান্ত হয় যে,জাতীয় পার্টি সম্মিলিত জাতীয় জোটগতভাবে ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করবে এবং আসন্ন দুটি আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে।
প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এম এ সাত্তার, সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান টেপা, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী,
সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মাসুদ পারভেজ (সোহেল রানা), সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী প্রমুখ।
