সিটি নিউজ ডেস্কঃঃ রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশ ও আ.লীগ নেতাকর্মীদের ত্রিমুখি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বোমা হামলা, ভাংচুর চলছে, পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১টা ১৪ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কাকরাইল মোড়ে পৌঁছালে কয়েকটি বোমা বিস্ফোরণ হয়। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা।
কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনে যাওয়ার সড়কে বিভিন্ন স্লোগান দিতে দিতে কয়েকশ’ বিএনপি নেতাকর্মী পুলিশের দিকে ইট-পাটকেল ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যায়।
রাস্তার পাশে একটি মটরসাইকেলেও অগ্নিসংযোগও করে তারা। মোটরসাইকেলটি ছিল একজন সংবাদকর্মীর।
পুলিশ এক পর্যায়ে তাদের দিকে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। আতংক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় যান চলাচল।
এরই মধ্যে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে বকশিবাজার আদালতের দিকে যাচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর।
আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেয়া উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে রাজধানীকে। বেগম খালেদা জিয়া পৌণে ১২টার দিকে গুলশানের বাসভবন থেকে বেন হন এবং বেলা পৌঁণে দ’টার দিকে তিনি বক্সীবাজারস্থ আদালতে পৌঁছেন।
