সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,জাতীয় নির্বাচনে সব দলকে সমান সুযোগ এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের।নির্বাচন কমিশনারের বক্তব্যে মনে হয় তারা অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী না।
তিনি বলেন, দায়িত্বের চেয়ে চাকরি রক্ষা বড় হলে তার দ্বারা কিছু করা সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনার দুর্বিনীত দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। আর এজন্য দায়ী থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি)।
রিজভী বলেন, আগে বেগম খালেদা জিয়ার মুক্তিই নির্বাচনি মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত। তারপর নির্বাচন, সহায়ক সরকার, সংলাপসহ অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
আজ শনিবার (১০ মার্চ ) দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, সর্বপ্রথম দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। এরপর সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন।
সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানে নতুন উদ্যোগ নেওয়া হবে না- প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার কি একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছেন? তাহলে নির্বাচন, নির্বাচন জিকিরের তো দরকার নেই। নির্বাচনী সিডিউল ঘোষণা করে পরের দিনেই ক্ষমতাসীন দলকে বিজয়ী ঘোষণা করলেই তো পারেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা আতাউর রহমান ডালি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
