নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ : চন্দনাইশের বরমা ইউনিয়নের বাইনজুরিতে অগ্নিকান্ডে ১৫ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৮ মার্চ বুধবার সন্ধ্যায় বাইনজুরি গ্রামের জেলে পাড়ায় এ অগ্নিকান্ড ঘটে।
জানা যায়, সন্ধ্যা ৬টা নাগাদ অজিৎ জলদাস’র ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এ পরিবারের দাবী, বিদ্যুতের মিটার থেকে অগ্নিকান্ড উৎপত্তি হয়। প্রায় ৪৫ মিনিটের এ অগ্নিকান্ডে ১৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় প্রায় ৪ বর্গকিলোমিটার আলোকিত হয়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী ও দমকল বাহিনী (ফায়ার ব্রিগেট সার্ভিস) এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, ১৫ পরিবারের ৪৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তাঁরা একমাত্র সম্বল মাথা গোঁজার ঠাই ঘরটুকু হারিয়ে খোলা আকাশের নীচে সময় যাপন করছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন পরীক্ষিত জলদাস, পাখী দাস, উষা দাস, সুনীল দাস, রতন দাস, শক্তি দাস, রাজীব দাস, সুজিত দাস, সঞ্জিত দাস, রঞ্জিত দাস, মিলন দাস, অনিল দাস, বিমল দাস, নির্মল দাস ও ঝিনুক দাস। এরা সকলেই প্রান্তিক জেলে সম্প্রদায় ও গরীব শ্রেণির লোক। দেশপ্রিয় খেলাঘর আসর নেতৃবৃন্দ আগুনস্থল পরিদর্শন ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান। তাঁরা ক্ষতিগ্রস্তদের পাশা দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান ও বরমা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ভষ্মিভূত ঘর-বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের নগদ ২ হাজার করে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
