নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন চিকিৎসা সেবা হচ্ছে মহৎ পেশা। এ পেশায় অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে মানুষের সেবা করার মহান সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে মানুষের মনিকোটায় স্থান করে নিতে পারে চিকিৎসকরা। মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা অন্যতম অধিকার। আপনারা যারা সরকারি হাসপাতালে চাকরি করেন তাদেরকে এ বিষয়টিকে মনে রেখে হতদরিদ্র মানুষের যথাযথভাবে সেবা প্রদান করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার ২৬ মার্চ চন্দনাইশ ডক্টরস সোসাইটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাছবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্টানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
সংগঠনের সভাপতি চমেকের সাবেক উপাধ্যক্ষ ডা. আবদুল আলীমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, দক্ষিণ জেলা আ’লীগের সহসভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, ডা. এসএম মুইজ্জুল আকবর চৌধুরী, অধ্যাপক ডা. গোলাম রব্বানী, ডা. বখতিয়ার আলম, ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, ডা. শাহাদাত হোসেন, অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী, ডা. শেখ সাদী, ডা. ফাহমিদা চৌধুরী, ডা. লুৎফুন্নেসা খানম প্রমুখ। এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, স্ত্রীরোগ, সার্জারী, নাক কান গলা, ডায়বেটিকস, কর্ণছেদন, খৎনাসহ ২০টি রোগের উপর ৩ হাজারেরও অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে শতাধিক চিকিৎসক সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেন।
