সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন হবে আগামী ৬ জুলাই।বৃহস্পতিবার ২৯ মার্চ চট্টগ্রামে সংগঠনের নির্বাহী সভায় নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে আগামী ১৬ মে ঢাকায় কেন্দ্রীয় কাউন্সিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন বলে সভায় জানানো হয়।
চট্টগ্রামে অনুষ্ঠিত এ সভায় নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিএফইউজের সহ-সভাপতি শহীদুল আলম বলেন, “নির্বাহী কমিটির সভায় আগামী ৬ জুলাই নির্বাচনের তারিখ পুর্ননির্ধারণ করা হয়েছে। ৬ এপ্রিল এ নির্বাচন হবার কথা ছিল।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসুদন মন্ডল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চত্রক্রবর্তী, সদস্য আসিফ সিরাজ।
