সিটিনিউজ ডেস্ক:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী জেল কোড মেনে খালেদা জিয়ার চিকিৎসাসেবা দেওয়া হবে। তার সুচিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করা হবে।’
তিনি শনিবার (৭ এপ্রিল) দুপুরে নোয়াখালীতে তার মা বেগম ফজিলাতুন্নেসার চেহলাম অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অসুস্থতার ধরণ দেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সরকারের কোনও হাত নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আদালত তার সাজা দিয়েছে, নিঃশর্ত মুক্তি দেওয়ার সুযোগ নেই। খালেদা জিয়া জেলে বসে গৃহ পরিচারিকা পেয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক পেয়েছেন; এটি বিরল সুযোগ।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপিকে নির্বাচনে টেনে আনার কিছু নেই, এটা তাদের অধিকার। নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের সিদ্ধান্ত। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনও শর্ত মেনে নেওয়ার সুযোগ নেই। সংবিধানে সবকিছু উল্লেখ আছে। সংবিধানই পথ দেখাবে নির্বাচন কিভাবে হবে।’
এসময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য মোর্শেদ আলম, আবদুল্যাহ আল মামুন; জেলা আওয়ামী লীগ সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন রুমিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
