সিটিনিউজ ডেস্ক:: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ‘যৌক্তিক’ উল্লেখ করে একে ‘সমর্থন’ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক আখতারুজ্জামান। পাশাপাশি কোটার সংস্কারকাজ শুরু করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার দুপুরে উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবাই সমান। তাদের দাবিও যৌক্তিক। আমরা তাদের পক্ষ হয়ে সরকারের সঙ্গে কথা বলেছি।’
‘যেহেতু সরকার একটা সময় বেঁধে দিয়েছে কোটা সংস্কার করবে, তাই এটা দ্রুতই করা উচিত বলে মনে করি।’
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ঢাবি উপাচার্য।
ঢাবির সিনেট ভবনে ব্রিফিংকালে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলন গণতান্ত্রিক। এই আন্দোলনের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাই। আমি আইজিপির (পুলিশের মহাপরিদর্শক) প্রতি আহ্বান জানিয়েছি, ক্যাম্পাসে যেন পুলিশ প্রবেশ না করে। তবে সবার নিরাপত্তার দাবি জানাই।’
