সিটিনিউজ ডেস্ক:: কোটা সংস্কারে আন্দোলনকারীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চক্রান্ত চলছে বলে সতর্ক করেন কাদের। বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ করা যাবে না।’
বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির বৈঠক শেষে এ কথা জানান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
‘আমি আন্দোলনকারীদের আবারো বলব, গুজবে কান না দিতে। বাংলাদেশের রাজনীতিতে জঙ্গি পৃষ্ঠপোষকরা গত নয় বছর কোন সুযোগ পায়নি। কিন্তু এখন তারা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।’
‘আমি আপনাদের বলবো কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবেন না। অশুভ রাজনীতির ছায়া যেন বিস্তার না করতে পারে। যদি আন্দোলনকারীদের নেতৃত্ব তাদের হাতে চলে যায় তাহলে দেশে ক্ষতি হবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে।’
‘কোটা সংস্কারের আন্দোলন যারা করছেন তারা যেন এ আন্দোলনেই থাকে। কারও খেলাও শিকার না হয়।’
কাদের বলেন, ‘আমরা এর মধ্যে খবর পেয়েছি, কীভাবে এ আন্দোলনকে কারও মুক্তির আন্দোলনে পরিণত করা যায়, তার ষড়যন্ত্র হচ্ছে। আমার দলের নেতৃবৃন্দকে বলব দায়িত্বশীল আচরণ করতে। আর যারা আন্দোলন করছেন তারাও যে প্রধানমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস রাখে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
