সিটিনিউজ ডেস্ক:: বাংলাদেশের শরণার্থী শিবির ও সাত লাখ রোহিঙ্গার বাস্তুচ্যুত হওয়ার প্রভাব সরেজমিনে খতিয়ে দেখতে আগামী মাসে বাংলাদেশে আসছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। আশা করা হচ্ছে মে মাসের প্রথম দিকেই তিনি বাংলাদেশে আসবেন। তার সঙ্গে যোগ দেবেন মিয়ানমারে নিযুক্ত কানাডার বিশেষ দূত বব রে। তবে তিনি মিয়ানমার সফর করবেন না বলে কানাডার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম গ্লোব এন্ড মেইল।
গ্লোব এন্ড মেইলের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ফ্রিল্যান্ড বাংলাদেশের শরণার্থী শিবির পরিদর্শন করবেন। টরেন্টোর একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক জন কিরটন গ্লোব এন্ড মেইলকে বলেছেন, রোহিঙ্গা সংকটকে ফ্রিল্যান্ড ব্যক্তিগত কূটনৈতিক তৎপরতার মূলে রেখেছেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রী মিয়ানমারেও সফরে যাচ্ছেন শুনলেও তিনি অবাক হবেন না।
