আনোয়ারা প্রতিনিধি:: আনোয়ারায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ,বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল,আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব ও উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.সরওয়ার আলম প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৪০ জন কৃষকের প্রতিজনকে ২০ কেজি ইউরিয়া,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়। এছাড়া সেচ ও আগাছা বাছাইয়ের জন্য প্রত্যেক কৃষককে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রদান করা হবে।
