কোনো অপশক্তির ক্ষমতা নেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার
সিটি নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘এই বাংলাদেশের কোনো অপশক্তির ক্ষমতা নেই জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা যতদিন সুস্থ আছেন ততদিন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ।’
আজ বুধবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, ‘আইনি লড়াই ছাড়া আন্দোলন কিংবা অন্য কোনো উপায়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়।’ এ সময় বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তারেক রহমানের পাসপোর্ট ইস্যুতে সরকার নয়, বিতর্কিত হয়েছে বিএনপি।’
হানিফ বলেন, ‘এ সরকার কোনো চাপে নেই। শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আগামী নির্বাচনেও জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ২০১৮ সাল নয়, ২০২৪ সালে নয় ২০২৯ সালের পর তাঁদের ভাবনা করতে হবে ক্ষমতায় আসার জন্য। জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, জননেত্রী শেখ হাসিনা যতদিন কর্মক্ষম আছে ততদিন পর্যন্ত তাঁর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা ততদিন পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।’
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনাসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার দলকে বলতে চাই, আমরা কাউকে ভয় পাই না, ভয় পাওয়ার কথা না। আপনারা মুক্ত হয়ে আসেন। ইলেকশন হবে। আমরা শুধু জনগণকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ইনশাল্লাহ ইলেকশন ফেয়ার হবে, সুষ্ঠু হবে। কোনো পক্ষপাতিত্ব হওয়ার প্রশ্নই উঠে না।’
