তেলা মাথায় তেল দিতে আসিনি, এসেছি শ্রমজীবীদের উন্নয়নের জন্য

0

সিটি নিউজ ডেস্ক :: কৃষক-শ্রমিক মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি তেলা মাথায় তেল দিতে আসিনি, এসেছি আপনাদের উন্নয়নের জন্য।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (১ মে) মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের কোনো সমস্যা হলে আমি আছি। আমি তো এসেছি আপনাদের ভাগ্য উন্নয়নে।’

মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন। তাদের প্রতি আপনাদের আন্তরিক হতে হবে। ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সকলে মিলে সোনার বাংলা গড়তে চাই’ এই স্লোগান কতটুকু উপযোগী সেটা আমাদের অনুধাবন করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ স্বাধীন দেশে। দেশের সকল মানুষ সমান অধিকার পাবে এটিই আমাদের লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই লক্ষ্য অর্জনে সারাজীবন কাজ করেছেন। মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সারাটা জীবন উৎসর্গ করেছেন। সুতরাং মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করা ছিল তার লক্ষ্য।’

‘জাতির জনক বঙ্গবন্ধু সকল শিল্পকারখানা জাতীয়করণ করেছিলেন। তিনি শ্রমিকদের জন্য মজুরি কমিশন করেছিলেন। ১ মে সরকারি ছুটির ব্যবস্থা করেছেন।’

তিনি বলেন, ‘জাতির পিতা আজ আমাদের মাঝে নেই। আমাদের দুর্ভাগ্য যে ৭৫ এর ১৫ আগস্ট তাকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে। পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারা চাকচিক্যের জীবন অনুসরণ করেছে। ফলে শোষিত মানুষ আরও শোষিত থেকেছে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.