নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: অতি শীঘ্রই কোটা সংস্কারের জন্য প্রজ্ঞাপন জারির দাবিতে আজ রবিবার (১৩ মে) সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্ররা।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বিভিন্ন শ্লোগান দিয়ে আজ সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ষোলশহর রেলস্টেশনে এ বিক্ষোভ সমাবেশ চলে।
আন্দোলনকারীদের একটাই দাবি, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন ও কোন টালবাহানা না করে দ্রুত প্রজ্ঞাপন জারি ।
এ সময় আন্দোলনকারীরা সিপ্লাসকে বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন সব ধরণের কোটা বাতিল করা হবে। কিন্তু এখনো তা প্রজ্ঞাপণ আকারে জারি করা হয়নি। তাই আমাদের দাবি অতি দ্রুত প্রজ্ঞাপণ জারি করা হোক।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার দেবদূত মজুমদার বলেন, ছাত্ররা সকাল ১১টা থেকে শান্তিপূর্ণ আন্দোলন করছে। দুপুর ১টায় তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
