সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন ব্যর্থ হয়েছে: বিএনপি 

0

সিটিনিউজ ডেস্ক:: খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে দাবি করে এর পুনর্গঠন দাবি করেছে বিএনপি। মঙ্গলবার (১৫ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অযোগ্যতা, ব্যর্থতা ও পুলিশি হামলার কারণে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা দাঁড়াতে পারেননি। সাধারণ ভোটাররাও ভোট দিতে পারেননি। এ কমিশন পুরোপুরি অযোগ্য, তাই ইসির পুনর্গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইসি পুরোপুরি বিএনপির প্রতিপক্ষ হয়ে কাজ করছে। এ সরকারের সাফল্য বা দুঃশাসন যা-ই বলি না কেন, তা হচ্ছে তারা পুলিশকে বিরোধী দলের প্রতিপক্ষ বানিয়ে তুলেছে। অনেক জায়গায় পুলিশ নিজ উদ্যোগেই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।’

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘সরকার এই নির্বাচনে গণমাধ্যমকে তাদের নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। টিভির খবর এবং খুলনা থেকে যে খবর পেয়েছি তার মধ্যে কোনও মিল নেই।’

তিনি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী থাকলে এ অবস্থা সৃষ্টি হতো না। জয়-পরাজয় তো পরের বিষয়।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্রের কোনও জায়গা নেই। রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পরিস্থিতি নেই। সবকিছু মিলিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।’

দেশে বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার বলছে নির্বাচন (জাতীয় সংসদ) হবে; কিন্তু খালোদ জিয়াকে ছাড়া কীভাবে নির্বাচন হবে?’

মির্জা ফখরুল বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সরকারের তল্পিবাহক ইসিকে পুনর্গঠন করতে হবে। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.