নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবনে ছাত্রলীগের সন্ত্রাসীরা জয় বাংলা শ্লোগান দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতিয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক ফজু, বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।
বিএনপি নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে ভাংচুর ও গ্রেফতারী পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে করার মাধ্যমে দেশে আবারো একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতেই বিরোধী দলের নেতাকর্মীদেরকে লাগাতার গ্রেফতার ও নির্যাতন নিপীড়নকে সর্বব্যাপী করে তুলেছে সরকার। এ নির্যাতন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে।
সরকারের নির্দয়-নিষ্ঠুর আচরণে এটি সুস্পষ্ট যে, তারা জোর করে ক্ষমতা ধরে রাখতে চায়। আর এজন্য গণতন্ত্রকে নি:শেষ করে ফেলছে।
নেতৃবৃন্দ বলেন, জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সরকার অমানবিক ও অগণতান্ত্রিক পথে হাঁটছে। জনগণকে ভয় দেখাতে সরকার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। জনগণকে ভয় পাইয়ে দিতে নিষ্ঠুরতার শেষ সীমানা অতিক্রম করেছে। ভয়াবহ দু:শাসনে জনগণের ক্ষোভকে দমন-পীড়নের মাধ্যমে প্রতিরোধ করতে উন্মাদ হয়ে গেছে বর্তমান ভোটারবিহীন সরকার।
সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন, মামলা হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ও বাসাবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর চট্টগ্রামের
বাসভবনে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৯/১০ টি দামী গাড়ী, বাসার আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করা হলো। ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলা না নিয়ে উল্টো তার বিরুদ্ধে ৪ টি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করিয়েছে। দেশে আওয়ামী একদলীয় শাসন চলছে বলেই এটা সম্ভব হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী সম্পূর্ণ নির্দোষ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এসব নিপীড়ন করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবে না তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না।”
নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর বাসভবনে হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
