সিটি নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,কাউন্সিলর একরাম ‘হত্যার’ অডিওতে তার স্ত্রী ও মেয়েদের কান্নার আহাজারি শুনে শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে।
তিনি আজ রবিবার (৩ জুন ) রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মানুষের জীবন নিয়ে ভুল! ওবায়দুল কাদের সাহেবের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করা। খুনি-সন্ত্রাসীদের ন্যায় বেআইনি হত্যাকে স্বীকৃতি দেয়া।
বিএনপির এ নেতা বলেন, শুধু একরাম হত্যা নয়, এখন পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে প্রায় ১৩০ জনকে বিচারবহির্ভতভাবে হত্যা করা হয়েছে। গত চার মাসে ২৫০ জন মানুষকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যাদের বেশিরভাগই তরুণ যুবক।
নিহতরা অপরাধের সঙ্গে কতটুকু জড়িত সে সম্পর্কে জনগণকে অন্ধকারে রেখে বিনা বিচারে হত্যার পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন রিজভী।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে রিজভী আরও বলেন, ড্রাগ চেইনের লিংক হিসেবে চুরি চোট্টামি করা ছিঁচকে কিছু মানুষসহ প্রমাণহীন আরও অজ্ঞাত অনেকের বিরুদ্ধে হত্যা অভিযান চালানো হলেও চেইনের শীর্ষে বসে থাকা অমিত ক্ষমতাধর গডফাদাররা বসে আছে কি করে?
সরবরাহের উৎস পথ আঁটকে যাচ্ছে না কেন? তাহলে কারা বাংলাদেশের অভ্যন্তরে মাদক ঢুকতে সহায়তা করছে? রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া কি উৎসমুখ খোলা থাকে? উৎসমুখগুলো প্রশাসনের সহায়তায় নিয়ন্ত্রণ করেন বদিদের মতো এমপিরা।
বদিসহ ক্ষমতাসীনদের প্রভাবশালী ব্যক্তিরা কীভাবে এতগুলো গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে গেল জাতি তা জানতে চায়। সরকারই গডফাদারদের পালিয়ে যেতে সাহায্য করছে বলে অভিযোগ করেন তিনি।
