সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চিকিৎসার জন্য ব্যাংককে গেলেও বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। স্ত্রী রাহাত আরাকে নিয়ে গত বৃহস্পতিবার (৮ জুন ) রাতে ব্যাংকক থেকে তিনি লন্ডনে যান।
আজ (রবিবার) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন মির্জা ফখরুল। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত থাকবেন। পরে তারা আলাদা বৈঠকে মিলিত হবেন বলে দলীয় নির্ভরযোগ্য একটি সুত্র নিশ্চিত করেছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, আজ রবিবার (১০ জুন) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় রয়েল রিজেন্সিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, গত ৩ জুন তারিখে অনেকটা গোপনে ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। সে সময় বলা হয়, চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল। শায়রুল কবীর খান সেদিন গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় তিনি জানেন না।
দলের নেতারাও এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে জানা গিয়েছিল তার সাথে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও মহাসচিবের সাথে ব্যাংকক যান। অন্য একটি সুত্র জানায়, তাদের ২জনকে তারেক রহমান লন্ডনে তলব করেছেন।
লন্ডনেই বিএনপির আগামীর করনীয় নির্ধারণ হবে রাজনৈতিক মহল মনে করছেন। তবে সরাসরি লন্ডন না গিয়ে চিকিৎসার জন্য ব্যাংকক যাবার নামে দেশ ছাড়েন।
তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা আলমগীরের সঙ্গে এটাই হবে প্রথম সাক্ষাৎ। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মহাসচিব বিস্তারিত আলোচনা করবেন।
