সিটি নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশনে সরকারের চাহিদা মতো নির্বাচন দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আগামী বাংলাদেশের ‘গণতন্ত্রের কবর রচনা’ করেছেন বলে দাবি করেছে বিএনপি। এজন্য সিইসিকে ‘ধন্যবাদ’ জানান বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
আজ মঙ্গলবার (২৬ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে ব্যঙ্গ করে এই ‘ধন্যবাদ’ দেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ জানাতে সেখানে গিয়েছিল বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুলু বলেন, গাজীপুরে নির্বাচন কিভাবে হয়েছে, তা দেশবাসী দেখেছে। গাজীপুরে আমাদের এজেন্টদের বের করে দেয়ার ব্যাপারে সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের থেকে পুলিশের ভূমিকা বেশি ছিল।
তিনি বলেন, ওই ব্যক্তির (গাজীপুরের এসপি) বিরুদ্ধে এর আগেও ৩ বার অভিযোগ দিয়েছি, তাকে প্রত্যাহার করার জন্য। সিইসি বলেছেন, তাকে সরানো যাবে না। তাকে সরালে নির্বাচন লণ্ডভণ্ড হয়ে যাবে। ভেবে-চিন্তেই আমরা এই ব্যক্তিকে রেখেছি।’
ওই ব্যক্তিকে রাখা হয় যাতে করে নির্বাচনটি এমনিভাবে হয়। আজকে সেভাবে নির্বাচনটা হয়েছে। এ জন্য ওনাদের আমরা ধন্যবাদ দেই। সরকার যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে সিইসি। আপনাদের ধন্যবাদ। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনার জন্য আপনারা যে রাস্তাটি তৈরি করেছেন সেজন্য সিইসিকে ধন্যবাদ। আর কোনো অভিযোগ আপাতত তাদের কাছে আমাদের নেই।
