সরকারের উন্নয়নচিত্র জনগনের কাছে তুলে ধরুনঃ প্রধানমন্ত্রী
সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে নির্বাচন। কোনরকম দলীয় কোন্দল যেন না হয়। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নিজেদের গ্রুপ করতে গিয়ে যারা আমাদের মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে তাদের নিয়ে দলভারী করবেন না। আপনারা নতুন নতুন কর্মী সৃষ্টি করুন।
আজ শনিবার ( ৩০ জুন ) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা কোন্দলের কথা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানালেন তৃণমূল নেতারা।
তাদের মন্তব্য, আওয়ামী লীগের শত্রু আর কেউ নয়, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতরে সবুজ মাঠে বিশেষ বর্ধিত সভা ২০১৮ দ্বিতীয় পর্যায়ের এ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহী বিভাগের সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, মহানগরের অন্তর্গত মেযর ও কাউন্সিলরা।
তিনি বলেন, নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে আমরা তৃণমূলের মতকে প্রধান্য দিয়ে থাকি। অনেক ইউনিয়েনের নেতারা মিটিং করে সুন্দর করে আমাদের কাছে প্রস্তাব পাঠান। ওই প্রস্তাবগুলো আমি নিজেই পড়ি এবং তাদের মতামতকে আমরা প্রধান্য দিয়ে থাকি। সংগঠন করতে হলে সেভাবেই করতে হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামীতেও সকলের মতামত নিয়ে আমরা মনোনয়ন দেব। ইতোমধ্যে আমরা সার্ভে (জরিপ) করে যাচ্ছি। তারপরও আমরা যাকে মনোনয়ন দেই, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। সেটাও আমাদের মাথায় রাখতে হবে।
তিনি বলেন, নৌকার যেন বিজয় হয়। রাজাকার, খুনি, এতিমের টাকা যারা আত্মসাতকারী, অর্থপাচারকারী, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিষয়টা প্রচার করবেন। আমরা যে উন্নয়ন করেছি তা গ্রামগঞ্জের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। তা এখন থেকে বলতে হবে। কাকে মনোনয়ন দেয়া হয়েছে সেটা বড় কথা নয়, নৌকা মার্কায় আপনাদের ভোট চাইতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে হবে। একমাত্র আওয়ামী লীগই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।
এই সংগঠনের জনসমর্থন বাড়াতে হবে। আমরা এখন আমাদের প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে, সমস্ত কমিটিগুলি আমরা কম্পিউটারে ডাটাবেস করে রাখব। কাজেই এলাকায় এলাকায় যেসব উন্নতি হচ্ছে, সেসব উন্নতির চিত্রগুলি তুলে ধরেন, সেটা আমি চাই। আমরা দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে, জনগণের কল্যাণে যে সমস্ত কর্মসূচিগুলি নিয়েছি, আপনারা সেই কর্মসূচিগুলি মানুষের কাছে তুলে ধরবেন।
