বিশুদ্ধ পানির দাবিতে সিপিবি’র ওয়াসা ঘেরাও

0

সিটি নিউজ ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর সর্বত্র বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিস্কাশন প্রণালী ত্রুটিমুক্ত করার দাবিতে চট্টগ্রাম ওয়াসা কার্যালয় ঘেরাও করে।

সোমবার পার্টির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ঘেরাও সমাবেশে জেলার নেতৃবৃন্দ বলেন, দূষিত পানি খেয়ে ইতোমধ্যে নগরীর হালিশহরে ১১জন মানুষ মারা গেছেন। আরো অনেকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম ওয়াসার পানি যেন দিন দিন মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। অথচ পানির অপর নাম নাকি জীবন! সাধারণ মানুষের অহেতুক অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। জনগণ অজান্তে আত্মহত্যা করার জন্য জনপ্রতিনিধি নির্বাচন করে না।

ভদ্রলোকের দেশে এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি বা কর্মকর্তা লজ্জায়-অপমানে পদত্যাগ করার রেওয়াজ পৃথিবীতে যথেষ্ট আছে। রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করেন।

বিক্ষোভ জমায়েতে নেতৃবৃন্দ আরো বলেন, ফ্লাইওভার বানিয়ে নগরীতে চাকচিক্য দেখালেও পুরো সমাজের অভ্যন্তর মিথ্যা ফানুসে ভরা। দায়িত্বহীনতা, চুরি, দুর্নীতি, লুট, টেন্ডারবাজি, ভূমিদস্যুতা, জাতীয় সম্পদ আত্মসাৎ ইত্যাদিতে সমাজটা ঘা হয়ে আছে।

এ সবের বিষময় ফল ভোগ করেন সাধারণ কষ্টদগ্ধ জনগণ। নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান অসহনীয় নষ্ট জীবনের অবসানে জনগণকে সাথে নিয়ে কমিউনিস্ট পার্টি সংগ্রাম অব্যাহত রাখবে।

এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা কমরেড মৃনাল চৌধুরী, কমরেড অমৃত বড়ুয়া, কমরেড রবিউল হোসেন, রাশিদুল সামির, সেহাব উদ্দিন সাইফু, এ্যানি সেন, গৌরচাঁদ ঠাকুর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.