ভারি বর্ষণে ডুবছে চট্টগ্রামের নিম্নাঞ্চল-রাঙ্গামাটি বান্দরবানে পাহাড় ধ্বস
সিটি নিউজঃ চট্টগ্রামে সারারাত ভারি বর্ষণ আর জোয়ারের পানি প্রবেশ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ডুবে গেছে। স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন নিম্ন এলাকা।
ভারি বর্ষণে পাহাড় ধ্বসের কারনে চট্টগ্রাম রাঙ্গামাটি ও বান্দরবান সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রামে আজ মঙ্গলবার ( ৩ জুলাই ) সকাল ১১ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বহদ্দার হাট, মুরাদপুর, ২ নং গেইট, পাঁচলাইশ, চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, আগ্রবাদ সিডিএ আবাসিক, বেপারি পাড়াসহ অনেক স্থানেই হাঁটু সমান পানি জমে গেছে। একই সঙ্গে জোয়ারের পানি যোগ হয়ে বেড়েই চলেছে এলাকার পানি।
আজ সকালে সড়কে পানি থাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া কোনো যানবাহন দেখা যায়নি। ওই সময় দুই-তিনগুণ ভাড়ার গুনে গন্তব্যে যেতে হয়েছে কর্মজীবীদের।
এদিকে বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকায় শিক্ষার্থী-অভিভাবকদের সড়কের পানি ও বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছেন, বর্ষা মৌসুমের বৃষ্টি হচ্ছে। এটি কয়েকদিন অব্যাহত থাকবে। দুয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকাল নয়টার আগ পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিক সময় ৪৫ থেকে ৫০ মিলিমিটার হওয়ার কথা।
