বিএনপি জামাতের ভরসাতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেঃ এইচ টি ইমাম
সিটি নিউজ ডেস্কঃঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি আজ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। তাদের নিজেদের শক্তি বলতে আর কিছুই নেই, জামায়াত আর শিবিরের ভরসাতেই তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এমন একটা পাকিস্তানপন্থী শক্তিকে ভারত কেন হঠাৎ করে বিশ্বাস করতে যাবে? তিনি বলেন, বিএনপির মতো পাকিস্তানপন্থী ও জামায়াত-সমর্থক দলের ওপর দিল্লি কিছুতেই ভরসা রাখবে না এবং বিশ্বাস করবে না।
আজ শনিবার (৭ জুলাই) দুপুরে দিল্লির স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে একটি মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন অপরাধীকে যে দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়, তাদের ওপর কোনোভাবেই ভরসা করা যায় না। তারা কিভাবে একটি দেশকে নেতৃত্ব দেবে?
তিনি আরও বলেন, কিছুদিন আগে বিএনপির তিন নেতা দিল্লিতে এসেছিলেন। আমি তাদের কারো নাম বলবো না, তবে তাদের একজনতো আমাদের দেশে পাকিস্তান ও চীনের এজেন্ট হিসেবেও দীর্ঘদিন ধরেই পরিচিত।
ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা আরও নানা দ্বিপক্ষীয় ও রাজনৈতিক বিষয় নিয়ে খোলামেলা মন্তব্য করেন।
তিস্তা পানির চুক্তি নিয়ে তিনি বলেন, তিস্তা এখন কোনো ব্যাপার না। হয়তো বিএনপি এ নিয়ে নানা কথা বলবে। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, তিস্তা এখন আর তেমন কোনও বড় সমস্যা নয়।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী একটা কথা খুব বলেন, আমরা হলাম নদীর ভাঁটির দেশ। পানি এখানে ঠিকই আসবে, আসতে বাধ্য। একটা নদীকে কেউ মুছে দিতে পারবে না, আর তাই আজ হোক কাল, পানির ভাগাভাগি নিয়েও চুক্তিও ঠিকই হবে।
ওই সভায় হেফাজত প্রসঙ্গ নিয়েও কথা বলেন এইচটি ইমাম। তিনি বলেন, হেফাজতের কাছে আমরা নতি স্বীকার করিনি। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। দেশজুড়ে লাখ লাখ কওমি মাদ্রাসার ছাত্র এই সংগঠনের সঙ্গে যুক্ত।
কাজেই বলপ্রয়োগ করে তাদের সঙ্গে ডিল করা যাবে না, তাতে হিতে বিপরীত হয়ে যাবে। আমরা তাই ফোর্স দিয়ে নয়, বরং ট্যাক্টফুলি ( কৌশলের সঙ্গে) হেফাজতের সঙ্গে ডিল করছি। আর এখন তার সুফলও মিলতে শুরু করেছে। কওমি মাদ্রাসার বহু ছাত্রও এখন আওয়ামী লীগকে সমর্থন করতে শুরু করেছে!
তিনি আরও বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে যে ধরনের গভীর সম্পর্ক আছে, আমাদের সঙ্গে সম্পর্ক তার কোনও তুলনাতেই আসবে না। বরং পাকিস্তান আমাদের চিরশত্রু একটা দেশ, পাকিস্তান ভেঙেই আমাদের জন্ম। এটা মাথায় রাখলে বলতে হয় চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কখনও সেই স্তরে পৌঁছাবে না।
