সিটি নিউজ ডেস্ক :: আসন্ন বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মৃতির সম্মানে ৩০ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
রবিবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১৮ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে একযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি সম্পাদন করা হবে।
একই দিনে তিনি আন্তর্জাতিক পরিবেশ দিবস ও পরিবেশ মেলারও উদ্বোধন করবেন। এবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৮ এর প্রতিপাদ্য বিষয় হলো- ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’।
মন্ত্রী আনিসুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদদের স্মৃতির সম্মানে ৩০ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি এবারের বৃক্ষরোপণ অভিযানে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি। আমি আশা করি, সারাদেশের সব মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাবে।
আনিসুল ইসলাম আরও বলেন, বিশ্বকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার। তাই পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ অভিযানকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।
এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ও স্লোগানের মাধ্যমে প্লাস্টিক দূষণের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণকে সচেতন করা হয়েছে এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষণ ও মানোন্নয়নের স্বার্থে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও যথাযথ গুরুত্বের সঙ্গে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে এ দিবসটি পালিত হচ্ছে।
