আমাদের ঠেকাতে আপনারাই ব্লেইম গেম খেলছেন: মির্জা ফখরুল

0

সিটি নিউজ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা কোনো ব্লেইম গেম খেলছি না। ব্লেইম গেম খেলছেন আপানারাই। আমাদেরকে ঠেকানোর জন্য আপনারা গেম খেলছেন। আমরা যে কোনো সভা করার সময় ভয় পাই। কারণ ওই যে ব্লেইম গেম। কখন পটকা মারেন আপনারা তার ঠিক থাকে না।

ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ) সব খেলাই জানে। তারাই এই খেলা খেলে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যতো রকম অস্ত্র ব্যবহার করার তারা তা করছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এনপিপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমার দলের মিটিং, সমাবেশে আমরা কি বোমা মারবো? এটা কি হয়? নিজেদের প্রোগ্রামে কি কেউ বোমা ফোটায়? আমার মিটিং ভাঙার জন্য কি আমি পটকা মারবো? আজকে এসব কথা বলে তিনি জনগণকে বোকা বানাতে চান। জনগণ এতো বোকা না। জনগণ সব বোঝে। মানুষের মনে আগুন জ্বলছে। কখন আপনারা যাবেন তার অপেক্ষায় আছে।

ফখরুল নির্বাচন বিষয়ে বলেন, আপনারা যে পরিবর্তন এনেছেন তাতে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। বিশেষ করে আওয়ামী লীগ সরকার থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। যারা কোনো দলের হয়ে কাজ করবে না।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এতো ভয় পান কেন? কারণ, বাঘের পিঠে উঠেছেন। তাই নামতে পারছেন না। কারণ নামলেই তো খেয়ে ফেলবে। কিন্তু কোনো উপায় নেই৷ আপনাদেরকে নামতেই হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.