অর্থ ও বাণিজ্য :: রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রথম উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে ঝুঁকিমুক্ত, পরিবেশ বান্ধব একটি পরিকল্পিত নগর গড়ে তোলা। এ লক্ষ্যকে সমানে রেখেই ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে রিহ্যাব জানিয়েছেন রিহ্যাবের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন।
আজ সোমবার (১৩ আগস্ট) রাজধানীর কাওরান বাজার সুন্দরবন হোটেলে রিহ্যাব আয়োজিত আবাসন সমস্যা সমাধান কল্পে সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ সংক্রান্ত পরিপত্র জারী করায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শামসুল আলামিন বলেন, রিহ্যাব এর বিপুল কার্যক্রমে গত কয়েক দশক সহজে আবাসনের মালিকানা সৃষ্টি মানুষের মনে আত্ননির্ভরতা সৃষ্টি করেছে। এছাড়া সরকারের রাজস্ব আয়, কমকর্মসংস্থান ,রড, সিমেন্ট, টাইলসসহ ২৬৯ প্রকার লিংকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বর্পূণ অবদান রেখে আসছে।
বাংলাদেশের আবাসন শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একই সাথে ৩৫ লক্ষ শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের যোগান দিয়েছে। আর আবাসন খাত নতুন নতুন উদ্যোক্তাদের সৃষ্টি করছে, যা প্রকারান্তরে দেশের উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখছে।
তিনি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ডিজিটাল দেশে রুপান্তর হচ্ছে ফলে শ্রম নির্ভর অর্থনীতি এখন ধাবিত হচ্ছে মেধা নির্ভর অর্থনীতিতে। ক্ষুধা, দারিদ্রমুক্ত, উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। উন্নত মানের নাগরিক সুবিধা রাজধানী ঢাকা থেকে শুরু জেলা, উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে জীবন যাত্রার মান আরো বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবাসন সমস্যা সমাধান কল্পে সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ সংক্রান্ত পরিপত্র জারী করা হয়েছে। স্বল্প সুদে গৃহঋণের প্রজ্ঞাপন জারী করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। আর সেই গৃহ নির্মাণ করার জন্য আমাদের সংগঠন কাজ করবে। এতে করে একটি টেকসই আবাসন খাত তৈরি হবে।
