শিশুর আর্তনাদে কাঁদলেন ফখরুল

0

সিটি নিউজ ডেস্ক :: ঈদুল আযহা উপলক্ষে গুম-খুন হওয়া ও দলের নির্যাতিত নেতাকর্মীও তাদের স্বজনদের সঙ্গে ঈদ পূর্ব শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্যাতিত পরিবারের শিশুদের আর্তনাদে কাঁদলেন মির্জা ফখরুল।

সোমবার (২০ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানেই বংশালের নিখোঁজ ছাত্রদল নেতা পারভেজ হোসেনের ছোট্ট মেয়ে হৃদি তার বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের আবেদন জানান। কান্নাজড়িত কণ্ঠে হৃদি কতদিন তার বাবাকে দেখেনি সেই কষ্টের কথা বলার পাশাপাশি, বাবা হারিয়ে যাওয়ার পর কেউ যে তাঁকে আর কোলে নিয়ে চুমু খায় না সেই দুঃখের কথাও বলছিল। 

হৃদি যখন কথা বলছিল, তখন পুরো মিলনায়তনেই নেমে আসে পিনপতন নিরবতা। সামনের সারিতে বসা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ নেতারা।

বাবাকে ফিরে পেতে হৃদির আর্তনাদের সময় চোখের পানি ধরে রাখতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সেখানের অনেকেই। এ সময় চোখের পানি মুছছিলেন বিএনপির মহাসচিব।

হৃদির বাবা পারভেজ হোসেন নিখোঁজ হয়েছিলেন ২০১৩ সালের ২ ডিসেম্বর। পারভেজের মত ঢাকা ও আশপাশের এলাকা থেকে নিখোঁজ বিএনপির ১৭ নেতার পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা দিতে ডাকা হয় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই বুকফাটা আর্তনাদ বাবাকে ফিরে পাওয়ার জন্য, তাদের কানে পৌঁছাবে কি পৌঁছাবে কিনা আমি জানি না। কিন্তু আল্লাহতালার কাছে পৌঁছাবে। এবং আমরা বিশ্বাস করি আল্লাহতালা এর বিচার করবেন। এই বিশ্বাস আমাদের আছে। আপনার নিজেদের অসহায় ভাববেন না। এই দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। আপনাদের কষ্ট, জাতির কষ্ট।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নিয়মিতই ঘটে যাচ্ছে গুম-খুন এবং বিচারবহির্ভুত হত্যাকাণ্ড। অথচ কোনো বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্যাতন-নিপীড়নের মাত্রা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এখন সম্ভবত এর জন্য কারো কাছে জবাবদিহিতাও করতে হয় না।’

‘বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। যেখানে জনগণের কোনো স্বাধীনতাই নেই। এই দেশের মানুষ জেগে উঠবে এবং সত্যিকার অর্থেই একটা শান্তির দেশ তৈরি করবে। বর্তমান সরকারের হাত থেকে জনগণ মুক্তি পেতে চায়। জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য’, যোগ করেন মির্জা ফখরুল।

বক্তব্যের পর  নিখোঁজ নেতাদের পরিবারের সদস্যদের হাতে ঈদের জন্য নগদ আর্থিক উপহার তুলে দেন বিএনপি মহাসচিব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.