সিটি নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুধবার (২২ আগস্ট) পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যান বিএনপি’র সিনিয়র নেতারা। কিন্তু সাক্ষাতের অনুমতি না থাকায় এবং পুলিশি বাধায় তারা আর বেশি দূর আগাতে পারেনি।
এর আগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র নেতারা।
বুধবার (২২ আগস্ট) ঈদের জামাতের পর বিএনপির সিনিয়র নেতারা সকাল সাড়ে ১১টায় রাজধানীর শের-ই বাংলা নগরে জিয়াউর রহমানে সমাধিস্থলে যান।
সমাধিস্থল থেকে নেতারা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওয়ানা করেন। কারাগারের কাছে পৌছালে পুলিশ সদস্যরা বেরিকেড দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধা প্রদান করেন। পূর্বানুমতি না থাকায় বিএনপি নেতাদের কারাগারে প্রবেশ করতে দেয়া হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েই পূর্বেই কারা কর্তৃপক্ষের নিকট আবেদন করে বিএনপি। কিন্তু তাদের অনুমতি দেয়া হয়নি।
