ইউএস-বাংলার দুর্ঘটনায় পাইলট আবিদ দায়ী: নেপালি প্রতিবেদন

0

সিটি নিউজ ডেস্ক :: নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলা বিমানের পাইলট আবিদ সুলতান দুর্ঘটনার সময় কন্ট্রোল টাওয়ারকে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে দাবি করেছে দেশটির সরকারি তদন্ত প্রতিবেদন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেপাল সরকারের গঠিত তদন্ত কমিশনের ওই প্রতিবেদনের অনুলিপি হাতে পাওয়ার কথা জানিয়ে কাঠমাণ্ডু পোস্ট এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকা থেকে কাঠমাণ্ডুগামী একঘণ্টার ওই ফ্লাইটের ককপিটে বসেই ক্রমাগত ধূমপান করছিলেন আবিদ।

নেপাল সরকারের অনুসন্ধানী তদন্ত প্রতিবেদনের বরাতে কাঠমাণ্ডু পোস্ট আরও লিখেছে, ওই সময়ে ব্যক্তিগত সমস্যা ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিলেন আবিদ। যার কারণে বিমান চালানোর সময় পরপর অনেকগুলি ভুল সিদ্ধান্ত নেন তিনি। তার দিক থেকে আসা এসব ভুল সিদ্ধান্তের কারণেই ফ্লাইট বিএস-২১১ চলতি বছরের ১২ মার্চ দুপুরে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ফ্লাইটের পুরোটা সময় নিজের স্বাভাবিক অবস্থায় ছিলেন না আবিদ সুলতান এবং দুর্ঘটনার আগের দিন ইউএস বাংলার চাকরি তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন। ক্লান্ত এবং অবসন্ন আবিদ বিমান চালানোর সময় বেশ কয়েকবার কেঁদেছেন বলেও দাবি করেন তারা।

এছাড়া বিমান চালানোর সময় কো-পাইলট পৃথুলা রশীদকে আবিদ সুলতান কয়েকবার গালিগালাজ করেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।

কাঠমাণ্ডু পোস্ট লিখেছে, ফ্লাইটের পুরো সময়টায় প্রধান বৈমানিক আবিদের আচরণ তার স্বাভাবিক চরিত্রের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ ছিল না’, এ বিষয়টি আগেই নজরে আনা উচিৎ ছিল বলে নেপালি তদন্তকারীদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঢাকা থেকে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে রওনা হয়ে গত ১২ মার্চ দুপুরে কাঠমাণ্ডুতে নামার সময় দুর্ঘটনায় পড়ে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১। আরোহীদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়, যাদের ২৭ জন ছিলেন বাংলাদেশি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.