নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার গ্র্যাক্সো’র সামনে ভাটিয়ারী- নিউ মার্কেট রোডের ৪ নং বাস থেকে নামার সময় ছিটকে পড়ে রেজাউল করিম রনি (২৮) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, চালকের সহকারী ওই যুবককে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ায় তিনি ছিটকে পড়েন। আজ সোমবার (২৭ আগস্ট) বিকেল আড়ইটার দিকে নগরীর সিটি গেইটের অদূরে মহাসড়কে গ্ল্যাক্সো কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক রেজাউল করিম রনির গ্রামের বাড়ি সীতাকুণ্ড উপজেলার গুল আহম্মদ এর আকিলপুর গ্রামে। আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল কান্তি বড়ুয়া জানান, সিটি সার্ভিসের একটি বাস থেকে বাড়ির অদূরে নামার সময় রনি ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। তাদের অভিযোগ রনিকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালক ও সহকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ সরিয়ে নেয়। এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে হাজার হাজার মানুষের চরম দূর্ভোগের শিকার হয়। নিহত রনির বাবার নাম মোহাম্মদ অলিউল্লাহ। রনির বাবা-মা দুইজনই আমেরিকার প্রবাসী। সে দীর্ঘদিন নগরীর আকবর শাহ থানার গ্ল্যাক্সো এলাকায় নিজস্ব বাড়িতে বসবাস করতেন।
