বর্তমান সরকার শিক্ষক ও শিক্ষাবান্ধব সরকার- এমপি নজরুল
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ: চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষক ও শিক্ষাবান্ধব সরকার। শিক্ষকদের বেতন দ্বিগুণ করেছেন, শিক্ষার্থীদের উপবৃত্তি, বছরের প্রথম দিনে সরকার সারাদেশে ২ কোটি ১৭ লক্ষ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ১০ কোটি ৮৭ লক্ষ বই তুলে দিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, প্রাক-প্রাথমিক শ্রেণি চালু, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণসহ ব্যাপক কার্যক্রম চালু রেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১৯৭৩ সালে একসাথে ৩৭ হাজার স্কুলকে জাতীয়করণ করেন। সে ধারাবাহিকতায় ২০১৩ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার স্কুলকে জাতীয়করণ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছেন ।
শিক্ষকেরা রাজনীতি করেন না,দেশনীতি ও দেশপ্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছেন। সারাদেশে ১ কোটি ৩০ লক্ষ পরিবারের সদস্যদের মধ্যে চন্দনাইশে ১৫ হাজার পরিবার উপবৃত্তির আওতায় এসেছে। তৎমধ্যে ২১ হাজার শিক্ষার্থীর জন্য ৪০ লক্ষ টাকা ব্যয় হচ্ছে সরকারের। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্রের তালিকায় বাংলাদেশকে আনতে শিক্ষার মানোন্নয়নের বিকল্প নাই।
অশিক্ষিত ও অদক্ষ জনগোষ্ঠি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তাদের মাধ্যমে জাতির উন্নয়ন কোনভাবে সম্ভব নয়। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভুমিকা রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। জাতির অনেক প্রত্যাশা আজকের প্রজন্মকে নিয়ে। সে প্রজন্মকে শিক্ষকেরা স্বাস্থ্য সচেতন, মূল্যবোধ, স্বাধীনতা সম্পর্কে অবহিত করে জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার ৩০ আগস্ট দুপুরে জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষক ফাউন্ডেশন চন্দনাইশ শাখার উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা, নবাগত শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীনুর আকতার। শিক্ষক কামরুল হাসান চৌধুরী ও নুরুল আনোয়ারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, শিক্ষা কমিটির সদস্য আহসান ফারুক, সহকারি শিক্ষক কর্মকর্তা হাসান আল মামুন, এস.এম মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ শাহীন, সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক চৌধুরী, মো. ফরমান উল্লাহ, সাতকানিয়া শাখার সভাপতি মো. জোবায়ের, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহ, পটিয়া শাখার সভাপতি মনছুর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন নুর, বোয়ালখালী শাখার সভাপতি মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক ইসলাম প্রমূখ। সভায় ২ জন বিদায়ী, ২ জন মরণোত্তর শিক্ষককে সংবর্ধনা ও নবাগত শিক্ষকদের বরণ করা হয়।
