‘তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না’

0

সিটি নিউজ ডেস্ক :: দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। তাই বিএনপিকে নির্বাচনে আসতে হলে ক্ষমতাসীন সরকারের অধীনেই আসতে হবে বলেও তিনি জানান।

আজ শুক্রবার (৩১ আগস্ট) সকালে সাভারের ‘শেখ হাসিনা যুবকেন্দ্রে’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বীরেন শিকদার বলেন, ‘নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। সংবিধান অনুযায়ী, আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। এ দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না।’

এ ছাড়া নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই বলেও এ সময় মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সংলাপের তো কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন তাঁর নিয়ম মাফিক, সংবিধান মাফিক নির্বাচন ঘোষণা করবেন। নির্বাচনী শিডিউল ঘোষণা করবেন। কার্যক্রম শুরু করবেন। তাঁরা অংশগ্রহণ করবেন। এখানে তো সংবিধানেই আমাদের নির্দেশনা রয়েছে, সংবিধান অনুযায়ী সবকিছু হবে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য দেশে যে মায়াকান্না শুরু করেছে, এতে করে কোনো লাভ নেই। দেশকে অভিশাপমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের ও যুদ্ধাপরাধীদের বিচার করছে। দেশ এখন কলঙ্কমুক্ত হয়েছে। বর্তমান সরকারের রিজার্ভে যে টাকা রয়েছে, সেই টাকা দিয়ে আরো সাতটি পদ্মা সেতু করা যাবে।’

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। এ ছাড়া তিনি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’-এর মহাপরিচালক আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.