নিজস্ব প্রতিবেদক:: আনোয়ারার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়শা খানের চাচা আনোয়ারুল ইসলাম খান সওগাত (৭৪) রাতে নগরীর চন্দনপুরায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, রাত নয়টার দিকে নগরীর চন্দনপুরার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সমাজসেবী, শিক্ষানুরাগী, রাজনীতিক আনোয়ারুল ইসলাম খান আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান কায়সারের ছোট ভাই ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াশিকা আয়শা খানের চাচা।
মৃত্যুকালে আনোয়ারুল ইসলাম খান সওগাত স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার এক সময়কার জমিদার এয়ার আলী খানের পুত্র। মরহুমের প্রথম নামাজে জানাযা সোমবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর আনোয়ারা এরশাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা বাদ আছর নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর চন্দনপুরাস্থ বাসভবন সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, আনোয়ারুল ইসলাম খান তৈলারদ্বীপ এরশাদ আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন ছাড়াও আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, আনোয়ারা কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। আনোয়ারুল ইসলাম খান সওগাতের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউজপোর্টাল সিটি নিউজ বিডি পরিবার।
