মন্ত্রীকে নির্বাচনের তারিখ বলতে বলিনি: সিইসি

0

সিটিনিউজ ডেস্ক:: আগামী জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য দেয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদা। বলেছেন, মন্ত্রীকে এ কথা বলতে বলেননি তারা।

অর্থমন্ত্রীর বক্তব্যের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজম্যান্ট বডিস অব সাউথ এশিয়া’-ফেমবসার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

নুরুল হুদা বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচনের যে তারিখ জানিয়েছেন, তা জানানো তার ঠিক হয় নাই। তার বলা উচিত হয়নি। আমরা তাকে এই তারিখ বলার জন্য বলি নাই।’

অন্য এক প্রশ্নে সিইসি বলেন, ‘কেন তার (মুহিত) সাথে নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা করব? এটা তিনি ভুল বলেছেন পরিষ্কার কথা।’

আগের দিন সচিবালয়ে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার হবে বলে জানিয়েছিলেন। এ সময় তিনি ২৭ ডিসেম্বর নির্বাচন হবে বলে শুনেছেন বলে জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের সাথে কথা বলে জেনেছি তারা প্রস্তাব দিচ্ছে ২৭ ডিসেম্বরের নির্বাচন করার জন্য। ডিসেম্বরের খুব বেশি ডেইট নেই, আজকে শহীদ দিবস বিজয় দিবস অনেক কিছু থাকে। আমার মনে হয় দুই তিনটা ডেইট ছাড়া পাওয়া যায় না। ২৭ তারা করেছে, ২৭ এ নির্বাচন হওয়ার চান্স খুব বেশি। এখনো নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেনি, ঘোষণা করলে সুনির্দিষ্ট দিন পাওয়া যাবে।’

দশম সংসদ নির্বাচন শেষে ২০১৪ সালের ২৯ জানুয়ারি বসে সংসদের প্রথম অধিবেশন। এর আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে ডিসেম্বরের শেষে ভোটের কথা জানানো হয়েছে।

একটি অনলাইনভিত্তিক গণমাধ্যম ২৭ ডিসেম্বর ভোট হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে যদিও সেখানে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য ছিল না।

আর অর্থমন্ত্রীর এই বক্তব্য সমর্থন করেননি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। তিনি বলেছেন, নির্বাচন কবে হবে, সেটি বলা কোনো মন্ত্রীর দায়িত্ব নয়।

জাতীয় নির্বাচন নিয়ে অপর এক প্রশ্নে সিইসি বলেন, ‘আমাদের যা লোকবল আছে এ দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.