সিটি নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে লাওসকে ১–০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। সোমবার ১ অক্টোবর সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলার ৫৯ মিনিটে বিপলু আহমেদের পা থেকে জয়সূচক একমাত্র গোলটি আসে।
গ্যালারিতে হাজার বিশেক দর্শক, সবার কণ্ঠে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ শ্লোগান। এমন উৎসবমুখর দিনটাকে আরও রাঙিয়ে দিলো জেমি ডে’র শিষ্যরা। ম্যাচের ৫৯ মিনিটে সিলেটের ‘লোকাল বয়’ বিপলু আহমেদের পা থেকে এসেছে জয়সূচক গোলটি। এর মাধ্যমে লাওসকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ।
গোলশূন্য প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ৫৯তম মিনিটের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জীবনের হেড গোলরক্ষক ফিস্ট করার পর ক্রসবারে লেগে ফেরে। এরপর এক ডিফেন্ডারের বিপদমুক্ত করতে শট নিলে বল জীবনের পায়ে লেগে চলে যায় ডান দিকে থাকা বিপলুর কাছে; এই মিডফিল্ডারের শট গোলরক্ষকের পায়ে লেগে কাছের পোস্ট দিয়ে জালে জড়ালে উৎসবে নেচে ওঠে গ্যালারি।
লাওসের বিপক্ষে এটা বাংলাদেশের প্রথম জয়। এর আগে দু’বার দেখা হলেও, লাওসের জয় ছিল একটিকে; অন্য ম্যাচটি ছিলো ড্র।
আগামী শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফিলিপিন্সের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের মহারণ চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
