‘স্কুলের প্রতিটি জায়গায় প্রধানমন্ত্রীর স্মৃতি জড়িয়ে রয়েছে’
সিটি নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: আমাদের নেত্রী (শেখ হাসিনা) এখানকার শিক্ষার্থী ছিলেন। এই স্কুলের প্রতিটি জায়গায় তার স্মৃতি জড়িয়ে রয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকালে রাজধানী আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে সুষম খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন: আমাদের সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করেন ও ভাবেন। তার রাজনীতির অন্যতম লক্ষ্য শিক্ষার আলোক প্রতি ঘরে ঘরে পৌঁছে দেয়া। যাতে করে সুশিক্ষায় আলোকিত বাঙালি জাতি বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়। এবং দেশকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে পারে।
এ লক্ষ্যে আমরা বছরের প্রথম দিনেই দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছি। এটা সাফল্যের সঙ্গে সম্পন্ন করা মোটেও সহজ কাজ নয়। এটি সফল হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজিমপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর নেতৃত্বে উভয় কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয় উপ-কমিটি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিম, সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিনসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
