আন্তর্জাতিক ডেস্ক:: ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে একটি চার্চ থেকে ৩৪ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রদেশটির সিজি বিরোমারু জেলার জোনুজ চার্চ ট্রেনিং সেন্টারের বাইবেল প্রশিক্ষণ শিবির থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।
ভূমিকম্পের পর প্রশিক্ষণ শিবিরের ৮৬ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বাকি ৫২ শিক্ষার্থীর খোঁজ এখনো পাওয়া যায়নি। শক্তিশালী ওই ভূমিকম্পে দেশটির পালু শহরে ভূমিধস নেমে আসে। এতে বহু বাড়ি-ঘর, ভবন, মসজিদ, হাসপাতাল মাটির সাথে মিশে গেছে। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
শক্তিশালী ওই ভূমিকম্প এবং সুনামিতে এখন পর্যন্ত কমপক্ষে ১২ শ’র বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছানো সম্ভব না হওয়ায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত শুক্রবার ইন্দোনেশিয়ায় আছড়ে পড়ে ভূমিকম্প ও সুনামি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭।
এদিকে ভূমিকম্প-পরবর্তী আফটার শক ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেকেই এখনো জীবিত অবস্থায় আটকা পড়ে আছেন।
উদ্ধারকর্মীরা জানান, তাঁরা মৃতদেহ উদ্ধারে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। কিন্তু ভূমিধসে সৃষ্ট ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
