নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে সোনালী অধ্যায় বিরাজ করছে
সিটি নিউজ ডেস্কঃ যেকোন সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে ভারত ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা একথা বলেন।
আজ বুধবার (৩১ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক কান্তুজিউ মন্দির পরিদর্শন শেষে এক সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতের সেনারা একসাথে যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন। যা ভারতের জন্য ছিল একটি গর্বের মুহূর্ত।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের একটি শক্তিশালী বীজ বপন করেছিলেন। তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সেই সম্পর্কের এক সোনালী অধ্যায় বিরাজ করছে।
সম্বর্ধনা অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। আমাদের মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর পাশাপাশি মিত্র বাহিনী আত্মত্যাগের ইতিহাস বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক।
সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে চিত্ত ঘোষ, বীরগঞ্জ সার্কেলের এএসপি সালাহউদ্দীন আহমেদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনারকে স্থানীয় ঐতিহ্যবাহী কুটির শিল্প সমৃদ্ধ উপহার প্রদান করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।এসময় এমপি মনোরঞ্জন শীল গোপালের হাতে মন্দিরের প্রণামি প্রদান করেন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা। এর আগে প্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত উপমহাদেশের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।
এসময় রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক, ভারতীয় হাইকমিশনার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভারতের প্রখ্যাত সাঁওতাল বাউল সংগীত শিল্পী রথীন কিস্কু সংগীত পরিবেশন করেন।
এরপর দিনাজপুর শহরে রায় সাহেব বাড়ি লোকনাথ মন্দির প্রাঙ্গণে ভারতের অর্থায়নে মাল্টিপারপাস কমিউনিটি হল নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাইকমিশনার। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ।
