সিটি নিউজ ডেস্কঃঃ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যুক্ত হতে পারে বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। তবে নিজস্ব স্বাতন্ত্র বজায় রেখে আলাদা কিছু শর্ত দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারে সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন এ যুক্তফ্রন্ট।
আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বিকল্পধারার যুগ্ম-মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মাহী. বি চৌধুরী। এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানও উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১টার দিকে মান্নান ও মাহী বি. চৌধুরী আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। এ সময় তারা আওয়ামী জোটে অন্তর্ভুক্ত হয়ে নির্বাচন করার বিষয়ে আলোচনা করেন।
সম্প্রতি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ ও ১৪ দল নৌকা প্রতীকে নির্বাচন করবে। জোটে থাকলেও জাতীয় পার্টি তাদের প্রতীকে নির্বাচন করবে। যুক্তফ্রন্টও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে তারাও তাদের প্রতীকে নির্বাচন করবে বলেও জানান তিনি।
এর আগে যুক্তফ্রন্ট নেতা বি. চৌধুরী ড. কামালের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ার একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। কিন্তু, শেষ মুহূর্তে তিনি ওই জোট থেকে বেরিয়ে আসেন। এরপরই সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে।
