সিটি নিউজ ডেস্কঃঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করবো। এই তিনশ আসনে জাতীয় পার্টির মনোনীতদের নাম আমিই ঘোষনা করবো। তিনি বলেন, জাতীয় পার্টি জেগে উঠেছে।
আজ মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সাবেক রাস্ট্রপতি এরশাদ বলেন, এবার জাতীয় পার্টির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন বিক্রি হয়েছে। এটা আমার পার্টির জন্য, আমাদের সকলের জন্য সুখবর।
এইচ এম এরশাদ বলেন, সবাইকে পার্টির স্বার্থে কাজ করতে হবে। ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে। জাতীয় পার্টি আবার জেগে উঠেছে। দলের স্বার্থে তিনি যাকে মনোনয়ন দেবেন, সে-ই মনোনয়ন পাবেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমি তিনশ আসনে প্রার্থীদের যাচাই-বাছাই করেছি। এখানে আর কারো কোনো দায়িত্ব নেই। অন্যদের জবাবদিহি করতে হবে না। আমি দেখতে চাই, তিনশ আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।
এরশাদ আরো বলেন, এই পার্টির জন্য আমার চেয়ে বেশি দুঃখ-কষ্ট কেউ সহ্য করে নাই। এখনো মামলা আছে আমার, একটা দিনও মুক্ত মানুষ ছিলাম না। এখনো নই।
এ সময় দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, তরুণরাই পার্টিকে এগিয়ে নেবে। এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, পরিকল্পনা অনুযায়ী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
