এখন বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে নাঃ শেখ হাসিনা

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের উদ্দেশে বলেছেন, আমরা আলোর পথে এগিয়ে যেতে চাই। সেজন্য দরকার আপনাদের সমর্থন। আপনারা আগামী নির্বাচনে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিন। নৌকাকে ভোট দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিন। আমরা আর অন্ধকারের দিকে পিছিয়ে যেতে চাই না। মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয়ের মাসে নৌকাকে আবারও বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজের নির্বাচনী আসন থেকে একাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরুর পর আজ বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা মোড়ে এক পথসভায় এ আহ্বান জানান তিনি।

ছোট বোন শেখ রেহানাকে পাশে নিয়ে পথসভার মঞ্চে শেখ হাসিনা বলেন, ৩০শে ডিসেম্বর নির্বাচন। নৌকা মার্কায় ভোট চাইতে আপনাদের সামনে হাজির হয়েছি। যে নৌকায় ভোট দিয়ে আপনারা এদেশের স্বাধীনতা পেয়েছেন, যে নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন, যে নৌকায় ভোট দিয়ে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না।

ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ পক্ষে ভোট চেয়ে দলের সভাপতি বলেন, এই মাস আমাদের বিজয়ের মাস। নৌকার বিজয়ের মাস। এই নির্বাচনে আপনাদের কাছে আমার আহ্বান, এখানে আমরা প্রার্থী দিয়েছি কাজী জাফরউল্লাহ সাহেবকে। তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের তিনি প্রতিনিধি। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী। সেই মনোনিত প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন।

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আগামীতে কেউ এসে যেন আমাদের কাজ বন্ধ করতে না পারে সেজন্য আপনাদের ভোট মূল্যবান। মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ করে কেউ যেন আপনাদের ভোট ছিনিয়ে নিতে না পারে সেজন্য অবশ্যই আপনারা জনমত সৃষ্টি করে ভোট কেন্দ্র পাহারা দিয়ে আপনার ভোট আপনি দেবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। যেন উন্নয়নের জোয়ারটা অব্যাহত রাখতে পারি।

বৃহস্পতিবার ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন শেখ হাসিনা।

বিকালে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজমাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি।
সেখানে তিনি স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, অগ্নিসংযোগকারী ও তাদের দোসরদের ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান ভোটারদের কাছে।

বৃহস্পতির সকালে টুঙ্গীপাড়া থেকে রওনা হয়ে বিভিন্ন স্থানে পথসভা করে করে সড়কপথে ঢাকার দিকে এগোচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও তার সঙ্গে রয়েছেন।

ঢাকায় ফেরার পথে পর্যায়ক্রমে আরও ছয়টি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পথসভার পরবর্তী স্থানগুলো হলো— রাজবাড়ী জেলার রাজবাড়ী রাস্তার মোড়, মানিকগঞ্জের পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা ও ধামরাইয়ের রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.