সিটি নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি জোরালো আহ্বান জানাচ্ছি।
আজ রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে; যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না।
বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা আশা করি, আমাদের দেশের গর্বিত সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন এবং কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত, কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার কারণে তাদের সুনাম ক্ষুণ্ন হতে পারে না।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল সোমবার থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।
গত ১৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা সহায়তা চাইলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুসারে উপজেলা থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তার চাহিদার পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্রের ভেতরে বা ভোট গণনাকক্ষের শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে ইসির কাজে যাবতীয় সহায়তা দেবে সশস্ত্র বাহিনী। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা বা নির্দেশক্রমে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করবে এই বাহিনী।
