জেএসসি জেডিসি ও পিইসির ফল প্রকাশ

0

সিটি নিউজ ডেস্কঃ ২০১৮ সালের জেএসসি, জেডিসি, পিইসি ও ইইসির বার্ষিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের এই চারটি সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা চারটির ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন।

পরীক্ষাগুলো হচ্ছে—অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)। এ চারটি পরীক্ষায় এবার সারা দেশে প্রায় ৫৭ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।

এতে জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ আর জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। জেএসসি ও জেডিসিতে নয়টি শিক্ষা বোর্ডে পাস করেছেন ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন।

জেএসসি ও জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর থেকে শুরু হয়, শেষ হয় ১৫ নভেম্বর। এ দুটি পরীক্ষায় দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

অপরদিকে পিইসি ও ইইসি পরীক্ষা ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হয়। এ দুটি পরীক্ষায় এবার মোট ২৯ লাখ ৩৪ হাজার ৯৫৫ জন অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন ছাত্র এবং ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ ছাত্রী। ইবতেদায়ি সমাপনীতে ছাত্র এক লাখ ৬৬ হাজার ৮১৪ ও ছাত্রী এক লাখ ৫১ হাজার ৩৯ জন।

সাধারণত এসব পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হয়। কিন্তু এ বছর ৩০ ডিসেম্বর নির্বাচন থাকায় এক সপ্তাহ আগে ফল প্রকাশ করা হচ্ছে।

এদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম ‍শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.৫২ শতাংশ। ২০১৭ সালে পাসের হার ছিলো ৮১.১৭ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার ০.৩৫ শতাংশ বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩১ জন শিক্ষার্থী। ২০১৭ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১০ হাজার ৩১৫ জন। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করে জানান, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ২৪০টি বিদ্যালয়ের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ জন পরীক্ষার্থী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.