সিটি নিউজ ডেস্কঃ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর কাছে তাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন ।
আজ মঙ্গলবার (২৯ জানুয়ারী) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, টিআইবি এর লোকাল শাখার কাছে আমরা ব্যাখ্যা চাই যে, কীভাবে এবং কী কী কারণে দুর্নীতি বেড়েছে। ফ্যাক্টস অ্যান্ড ফিগার না দিলে সেই রিপোর্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উই ওয়ান্ট টু স্পেসিফিকেশন। মুখের কথায় তো আর নাম্বার হয় না।
টিআইবির মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দুদকের স্বাধীনতা খর্ব করার মতো কোনো আইন সংসদে হয়নি। টিআইবি আমাদের প্রতিপক্ষ নয়, আমরাও টিআইবি এর প্রতিপক্ষ নই।
এ সময় ইকবাল মাহমুদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সারা বিশ্বে অর্থপাচারের বিষয় আছে। আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো না, কমাতে পারবো।
এর আগে আজ বেলা ১১টা নাগাদ রাজধানীর ধানমন্ডিস্থ মাইডাস ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের নিজেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) ২০১৮-এর প্রতিবেদন প্রকাশ করে।
ওই প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম। ১০০ পয়েন্টের মধ্যে ২৬ স্কোর পেয়ে আগের বছরের (২০১৭) সালের তুলনায় ৪ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। অর্থাৎ তার আগের বছরের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে।
