আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বাহিনীর হামলায় ৪ জন ফিলিস্তিনী নিহত হয়েছে। গাজা সীমান্তের বাফার জোনে গ্রেট মার্চ অব রিটার্ন উপলক্ষে ফিলিস্তিনিদের আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এ হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এ ছাড়া গাজা, পশ্চিম তীর, নাবলুস ও অন্যান্য স্থানে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলা ও সংঘর্ষে শতাধিক ফিলিস্থিনি আহত হয়েছেন।
শনিবার গ্রেট মার্চ অব রিটার্ন-এর বর্ষপূর্তি উপলক্ষে ওই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। গত বছর শুরু হওয়া গ্রেট মার্চ অব রিটার্ন উপলক্ষে নিয়মিত বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলি হামলায় এর আগে ২৭০ হন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।
এ ছাড়া ল্যান্ড ডে বা ভূমি দিবসও পালন করেন ফিলিস্তিনিরা। ১৯৪৮ সালে ইসরাইলের দখল করা ভূমি ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ করতে গেলে ১৯৭৬ ইসরাইলি সেনাদের গুলিতে ছয় ফিলিস্তিনি আরব নিহত হন। তখন থেকে ভূমি দিবস পালন করে আসছেন ফিলিস্তিনিরা।
মার্কিন গণমাধ্যম সিবিসি বলছে, শনিবার বিক্ষোভের কয়েক ঘন্টা পর রোববার মাঝরাতের পর গাজা ভূখন্ড থেকে ইসরাইলে পাঁচটি রকেট হামলা চালানো হলে ইসরাইল পাল্টা ট্যাঙ্ক হামলা চালায়।
প্রসঙ্গত, এক বছর আগে গাজা ও ইসরাইল সীমান্তে রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষ হয়। গাজার হাজার হাজার বাসিন্দা দিবসটি উপলক্ষে সীমান্তে জড়ো হয়। তবে মিশরের মধ্যস্থতায় ব্যাপক রক্তপাতের আশঙ্কা দূর হয়।
হামাসের কর্মকর্তারা জানান, তারা একটি সমঝোতায় পৌঁছেছেন। এর আওতায় ইসরাইল গাজা অবরোধ কিছুটা শিথিল করবে এবং ফিলিস্তিনীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবে।
উল্লেখ্য, বিক্ষোভ কর্মসূচিতে গাজার ওপর ইসরাইলের আরোপ করা ১২ বছরের অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নিলে অবরোধ আরোপ করে ইসরাইল।
