সিটি নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। প্রচলিত আইন প্রয়োগ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
ভারতের জি-নেটওয়ার্কের চ্যানেল বন্ধের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। তবে ক্যাবল টেলিভিশন আইনের ৬/১৯ অনুসারে বিজ্ঞাপণ বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, একই ধরনের আইন ভারতে আছে, যুক্তরাজ্যে আছে। অন্য দেশে আছে। সেসব দেশে এই আইন মানা হয়।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এই আইনটি মানা হচ্ছিল না। এর ফলে বাংলাদেশের চ্যানেলগুলো যে বিজ্ঞাপন পেত সেই বিজ্ঞাপনের বড় একটা অংশ চলে গেছে ভারতে।
এসময় তিনি বলেন, ইউনিলিভারের বিজ্ঞাপন কমেছে বাংলাদেশে। নোটিশ দেয়া হয়েছে তাদের। কিন্তু তারা সেটা মানেননি। ৭ দিনের মধ্যে তারা জবাব দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, সরকার কোনো চ্যানেল ডাউনলিংক করে না, যারা করে তারাই বলতে পারবে- এটা কেন বন্ধ হয়েছে। তিনি বলেন, সিনেমা হলগুলোকে বাঁচাতে হবে। হিন্দি ছবি আমদানি করতে বারণ করা হয়েছে।
উল্লেখ্য, সকাল থেকে ভারতীয় জি-চ্যানেলের কোন অনুষ্ঠান প্রচার দেখা যায়নি। তখন অব্শ্য ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান ‘জাদু ডিজিটালের’ কাস্টমার সার্ভিস কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
